
বহুমাত্রিক লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার তাঁর মেয়ে মৌলি আজাদসহ দুজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য দেওয়ার সময় মৌলি আজাদ আদালতে তাঁর বাবার হত্যাকারীদের বিচারের দাবি জানান। গতকাল সাক্ষ্য দেওয়া অপর সাক্ষী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং বর্তমানে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসান। এ নিয়ে এ মামলায় ১৫ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে বাংলা একাডেমীতে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে অধ্যাপক হুমায়ুন আজাদকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।শরিফুল হাসান সাক্ষ্যে বলেন, ওই ঘটনার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছিলেন। এ সময় বাংলা একাডেমীর দিকে একটি বিস্ফোরণের মতো শব্দ শুনে তিনি সেদিকে এগিয়ে যান। দেখেন, একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কাছে গিয়ে দেখেন ওই ব্যক্তি হুমায়ুন আজাদ, তাঁর পুরো মুখে ক্ষত। তাঁকে (হুমায়ুন আজাদ) হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তিনি একটি রিকশা এবং পরে একটি প্রাইভেট কারের চালককে অনুরোধ করেন। কিন্তু কেউ এতে রাজি হয়নি। পরে পুলিশের একটি গাড়িতে করে তিনি হুমায়ুন আজাদকে হাসপাতালে নিয়ে যান। এ মামলায় কারাগারে আটক চার আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা সদস্য মিজানুর রহমান, আনোয়ার আলম, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও হাফিজ মাহমুদকে গতকাল আদালতে হাজির করা হয়। মামলার অপর আসামি নূর মোহাম্মদ ওরফে সাবু পলাতক রয়েছেন।হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ২০০৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরেরই ১১ আগস্ট জার্মানিতে তিনি মারা যান। এরপর হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করলে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।