সাখাওয়াত ও শামসুদ্দিন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ সাখাওয়াত হোসেন ও কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
গতকাল সাখাওয়াত হোসেন ও শামসুদ্দিন আহমেদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল সাখাওয়াত ও শামসুদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সাখাওয়াতের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
সাখাওয়াতকে গত শনিবার রাজধানীর উত্তরখান থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে যশোর-৬ আসন থেকে বিজয়ী হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি হেরে যান। পরে জাতীয় পার্টিতে যোগ দেন।
কিশোরগঞ্জের শামসুদ্দিনকে গত বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ময়মনসিংহ চৌরাস্তা এলাকা থেকে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, জেলার করিমগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের আবদুর রাজ্জাক মুন্সির ছেলে শামসুদ্দিন (৬০) ও তাঁর বড় ভাই মো. নাসিরউদ্দিনের (৬২) বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বুধবার তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়।