সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে পাঁচ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের কেশবপুরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ও তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়া ১২ জন হলেন: সাখাওয়াত হোসেন, ইব্রাহিম হোসেন, বিল্লাল হোসেন, শেখ মজিবুর রহমান, আবদুল আজিজ সরদার, আজিম সরদার, কাজী ওহায়দুল ইসলাম, লুৎফর মোড়ল, আবদুল খালেক মোড়ল, আকরাম হোসেন, ওজিয়ার মোড়ল ও মশিয়ার রহমান। এঁদের মধ্যে সাখাওয়াত, বিল্লাল, আকরাম ও ওজিয়ার কারাগারে আটক আছেন।
তদন্ত সংস্থা জানায়, একাত্তরে কেশবপুরের রাজাকার বাহিনীর কমান্ডার সাখাওয়াতের নেতৃত্বে ওই ১১ জন কেশবপুরের চিংড়া, বগা, ভাণ্ডারখোলা, নেহালপুর, হিজলডাঙ্গা, গৌরীঘোনা ও ভাল্লুকঘরসহ বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ করেন। তাঁদের অত্যাচার-নির্যাতনে এলাকার হিন্দুরা দেশত্যাগে বাধ্য হন।
আবদুল হান্নান খান জানান, দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাখাওয়াত স্বাধীন বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের (বর্তমানে ইসলামী ছাত্রশিবির) রাজনীতি করতেন সাখাওয়াত। ১৯৯১ সালে তিনি জামায়াতের যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। এরপর বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করলে তিনি অলি আহমেদের এলডিপি ও ফেরদৌস আহম্মেদ কোরেশীর পিডিপিতে যোগ দিয়েছিলেন। সর্বশেষ ছিলেন এরশাদের জাতীয় পার্টিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে। তবে কয়েক দিন আগে জাতীয় পার্টিও তাঁকে প্রেসিডিয়াম থেকে বাদ দিয়েছে।
তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান জানান, ২০১২ সালের ১ এপ্রিল থেকে সাখাওয়াতের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়। তদন্তে মুক্তিযোদ্ধাসহ ৩২ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।