সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ যশোরের ১২ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আগামী ৮ সেপ্টেম্বর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল রোববার এ অভিযোগ জমা দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা। তিনি প্রথম আলোকে বলেন, সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এই ১২ জনের মধ্যে চারজন এখন কারাগারে আছেন।
এই মামলার ১২ আসামি হলেন সাখাওয়াত হোসেন, ইব্রাহিম হোসেন, বিল্লাল হোসেন, শেখ মজিবুর রহমান, আবদুল আজিজ সরদার, আজিম সরদার, কাজী ওহায়দুল ইসলাম, লুৎফর মোড়ল, আবদুল খালেক মোড়ল, আকরাম হোসেন, ওজিয়ার মোড়ল ও মশিয়ার রহমান। তাঁদের মধ্যে সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন, আকরাম হোসেন ও ওজিয়ার মোড়ল কারাগারে আটক আছেন।
রাষ্ট্রপক্ষ বলেছে, যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেন স্বাধীন বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সাংসদ নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে সাখাওয়াত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এরপর বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করলে তিনি প্রথমে অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও পরে ফেরদৌস আহম্মেদ কোরেশীর নেতৃত্বাধীন পিডিপিতে যোগ দিয়েছিলেন। সর্বশেষ যোগ দিয়েছিলেন এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। পরে জাতীয় পার্টি তাঁকে প্রেসিডিয়াম থেকে বাদ দিয়েছে।
সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তানি সেনাদের সহযোগী কেশবপুর থানা রাজাকার বাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি কেশবপুর উপজেলার চিংড়া, বগা, ভান্ডারখোলা ও গৌরীঘোনা এলাকায় নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের সময় আরও ১১ জনের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে রাষ্ট্রপক্ষ আবেদন করলে তাঁদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।