সাখাওয়াত হোসেনসহ নয়জনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ নয়জনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে গতকাল বুধবার পাঁচটি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল ওই নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন। ৩১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
এ মামলার অন্য আসামিরা হলেন মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. লুৎফর মোড়ল, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আবদুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং মো. আবদুল খালেক। তাঁদের মধ্যে সাখাওয়াত, বিল্লাল ও লুৎফর রহমান কারাগারে আছেন। গতকাল অভিযোগ গঠনের আদেশ শোনার পর তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। বাকি ছয় আসামি পলাতক। সাখাওয়াত ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। পরে তিনি বিএনপিসহ বিভিন্ন দলে যোগ দিয়েছিলেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও রেজিয়া সুলতানা। সাখাওয়াত ও বিল্লালের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। লুৎফর ও ছয় পলাতক আসামির পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান।
অভিযোগ গঠনের আদেশে ওই নয়জনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। প্রথম অভিযোগ হলো যশোরের কেশবপুর উপজেলার বোগা গ্রামে এক নারীকে অপহরণ, আটক, নির্যাতন ও ধর্ষণ। দ্বিতীয় অভিযোগে বলা হয়, একই উপজেলার চিংড়া গ্রামের চাঁদতুল্য গাজী ও তাঁর ছেলে আতিয়ারকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা করা হয়। তৃতীয় অভিযোগে চিংড়া গ্রামের মো. নুরুদ্দিন মোড়লকে অপহরণ, আটক, নির্যাতন; চতুর্থ অভিযোগে কেশবপুরের হিজলডাঙার আ. মালেক সরদারকে অপহরণ, আটক, নির্যাতন ও খুন এবং পঞ্চম অভিযোগে কেশবপুরের মহাদেবপুর গ্রামের মিরন শেখকে অপহরণ, আটক, নির্যাতন এবং ওই গ্রামে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ আনা হয়েছে।
২০১২ সালের ৪ ফেব্রুয়ারি সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়। গত ১৮ জুন তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তবে ৮ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের (প্রাইমা ফেসি) উপাদান না থাকায় তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। বাকি নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়। এরপর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে গতকাল তাঁদের বিচার শুরু করলেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষ বলেছে, সাখাওয়াত হোসেন ১৯৯১ সালে জামায়াতের হয়ে নির্বাচন করে যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। এরপর বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করলে তিনি অলি আহমদের এলডিপি এবং পরে ফেরদৌস আহম্মেদ কোরেশীর পিডিপিতে যোগ দিয়েছিলেন। সর্বশেষ ছিলেন এরশাদের জাতীয় পার্টিতে প্রেসিডিয়াম সদস্য। জাতীয় পার্টিও তাঁকে প্রেসিডিয়াম থেকে বাদ দিয়েছে।