মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থার ‘সেফহোম’ কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত সংস্থার সূত্র জানায়, তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানসহ সংস্থার একাধিক সদস্য সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করেন। তবে দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘণ্টার বিরতি ছিল। তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ও জ্যেষ্ঠ সদস্য সানাউল হক জিজ্ঞাসাবাদের কিছু সময় উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত বছরের ২৯ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর উত্তরখান থেকে সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বাড়ি যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি কেশবপুর থানা রাজাকার বাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি উপজেলার চিংড়া, বগা, ভান্ডারখোলা ও গৌরীঘোনা এলাকায় নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ করেন।
তদন্ত সংস্থা জানায়, ২০১০ সালে যশোরে সাখাওয়াতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারটি মামলা করা হয়। ২০১২ সালে এসব মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হলে সেগুলো তদন্ত সংস্থায় তালিকাভুক্ত হয়। ২০১৩ সালের শেষ দিকে এসব অভিযোগের তদন্ত শুরু হয়।
তদন্ত সংস্থা জানায়, একাত্তরের ‘রাজাকার কমান্ডার’ সাখাওয়াত ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ নির্বাচিত হন। কিন্তু পরে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করে তিনি পরাজিত হন। ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে সাখাওয়াত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এ সময় বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করে।