মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অপর তিনজনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আসামির অব্যাহতি পাওয়ার ঘটনা এটিই প্রথম।
এ মামলার ১২ জন আসামি হলেন: সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন বিশ্বাস, আকরাম হোসেন, ওজিয়ার মোড়ল, ইব্রাহিম হোসেন, শেখ মো. মুজিবুর রহমান, আবদুল আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, লুৎফর মোড়ল, আবদুল খালেক মোড়ল ও মশিয়ার রহমান। তাঁদের মধ্যে সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন, আকরাম হোসেন ও ওজিয়ার মোড়ল কারাগারে আটক আছেন। গতকাল বিল্লাল হোসেন বাদে বাকি তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ট্রাইব্যুনাল আদেশে বলেন, রাষ্ট্রপক্ষের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ ও আনুষঙ্গিক নথি পর্যালোচনা করে ট্রাইব্যুনাল সাখাওয়াত হোসেনসহ নয়জনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের (প্রাইমা ফেসি) উপস্থিতি পেয়েছেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হলো। তবে তিন আসামি আকরাম হোসেন, ওজিয়ার মোড়ল ও মশিয়ার রহমানের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের উপাদান পাওয়া যায়নি। তাই তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে না নিয়ে তাঁদের অব্যাহতি দেওয়া হলো।
কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল বলেন, ওজিয়ার মোড়ল ও আকরাম হোসেন অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে তাঁদের মুক্তি দিতে হবে। আর মশিয়ার রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন ট্রাইব্যুনাল। আদেশের সময় সাখাওয়াত ও আকরামের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও রেজিয়া সুলতানা।
গতকাল আদেশে ট্রাইব্যুনাল আরও বলেন, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে কেশবপুর থানার পুলিশকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী আদেশের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
গত ২৬ জুলাই সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাঁদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষ বলেছে, যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেন স্বাধীন বাংলাদেশের বড় কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে তিনি জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনে অংশ নিয়ে সাংসদ নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এরপর বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করলে তিনি অলি আহমদের এলডিপি ও পরে ফেরদৌস আহমেদ কোরেশীর পিডিপিতে যোগ দেন। সর্বশেষ ছিলেন এইচ এম এরশাদের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। জাতীয় পার্টিও তাঁকে প্রেসিডিয়াম থেকে বাদ দিয়েছে।