মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও রেজিয়া সুলতানা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
সাখাওয়াত ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন বিল্লাল হোসেন, ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, মো. আবদুল আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওয়াহেদুল ইসলাম, মো. লুৎফর মোড়ল ও মো. আবদুল খালেক মোড়ল। আসামিদের মধ্যে সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন ও লুৎফর মোড়ল কারাগারে আছেন। অন্যরা পলাতক।
গত ৮ সেপ্টেম্বর এই নয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এতে হত্যা-গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। অপর তিনজন আকরাম হোসেন, ওজিয়ার মোড়ল ও মশিয়ার রহমানের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের উপাদান পাওয়া না যাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়।
গত ২৬ জুলাই সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাঁদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষ বলেছে, যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেন স্বাধীন বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে তিনি জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনে অংশ নিয়ে সাংসদ নির্বাচিত হন। পরে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে সাখাওয়াত স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। এরপর বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করলে তিনি অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও পরে ফেরদৌস আহমদ কোরেশীর পিডিপিতে যোগ দিয়েছিলেন। সর্বশেষ ছিলেন এরশাদের জাতীয় পার্টিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে। তবে জাতীয় পার্টিও তাঁকে প্রেসিডিয়াম থেকে বাদ দিয়েছে।