সাখাওয়াতসহ ৮ জনের রায় যেকোনো দিন

যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ আটজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার এই মামলার যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
মামলার অন্য আসামিরা হলেন বিল্লাল হোসেন বিশ্বাস, ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আবদুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও আবদুল খালেক। আসামিদের মধ্যে সাখাওয়াত ও বিল্লাল কারাগারে আছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম প্রথম আলোকে বলেন, ‘উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি আজ শেষ হয়েছে। আদালত এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন।’
রাষ্ট্রপক্ষ জানায়, গত বছরের ২৩ ডিসেম্বর সাখাওয়াতসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হয়। তাঁদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের আদেশে নয়জনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।