সাখাওয়াতের মৃত্যুদণ্ড ও ৭ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ এবং সাতজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া তিন অভিযোগে সাখাওয়াতকে ৪৫ বছর কারাদণ্ড ও অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

আটজনের মধ্যে সাখাওয়াত হোসেন ও বিল্লাল হোসেন কারাগারে আছেন। বাকি ছয়জন পলাতক। এঁরা হলেন ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আবদুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও আবদুল খালেক। রায় ঘোষণার আগে সাখাওয়াত ও বিল্লালকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আটজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে সক্ষম হয়েছে বলে রায়ে উল্লেখ করেন ট্রাইব্যুনাল।

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের চাঁদতুল্য গাজী ও তাঁর ছেলে আতিয়ারকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার অভিযোগে সাখাওয়াতকে মৃত্যুদণ্ডাদেশ ও অপর সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। একই উপজেলার হিজলডাঙার আবদুল মালেক সরদারকে অপহরণ, আটক, নির্যাতন ও খুনের অভিযোগে সাখাওয়াতকে মৃত্যুদণ্ড এবং ইব্রাহিম, এম এ আজিজ, আবদুল আজিজ ও খালেককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

বোগা গ্রামের এক নারীকে অপহরণ, আটক, নির্যাতন ও ধর্ষণের অভিযোগে সাখাওয়াত, ইব্রাহিম, এম এ আজিজ ও আবদুল আজিজকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। চিংড়া গ্রামের মো. নুরুদ্দিন মোড়লকে অপহরণ, আটক ও নির্যাতনের অভিযোগে সাখাওয়াত, শেখ মজিবুর, খালেককে ১০ বছর করে কারাদণ্ড ও ইব্রাহিমকে খালাস দেওয়া হয়। মহাদেবপুর গ্রামের মিরন শেখকে অপহরণ, আটক, নির্যাতন এবং ওই গ্রামে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগে সাখাওয়াত, ইব্রাহিম, এম এ আজিজ, আবদুল আজিজ ও খালেককে ১৫ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও রেজিয়া সুলতানা। সাখাওয়াত ও বিল্লালের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। পলাতক আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও কুতুব উদ্দিন আহমেদ। আসামিপক্ষ বলেছে, তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি সাবেক সাংসদ সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গত বছরের ১৮ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। ৮ সেপ্টেম্বর নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত ২৩ ডিসেম্বর পাঁচটি অভিযোগে সাখাওয়াতসহ নয়জনের বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বিচার চলাকালে মো. লুৎফর মোড়ল নামের একজন আসামি কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। পরে তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে এ মামলায় ১৭ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। যুক্তিতর্কের শুনানি শেষে গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর সাখাওয়াত হোসেন গ্রেপ্তার হন।

পলাতক দণ্ডিত আসামিদের গ্রেপ্তার করার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, ‘পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্রসচিব ও পুলিশের আইজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ট্রাইব্যুনাল। প্রয়োজনবোধে ইন্টারপোলের সহায়তা নিতে বলা হয়েছে।’

রাষ্ট্রপক্ষ বলেছে, যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেন বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলে যুক্ত ছিলেন। ১৯৯১ সালের নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। পরে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এরপর বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করলে তিনি অলি আহমদের এলডিপিতে এবং পরে ফেরদৌস আহমদ কোরেশীর পিডিপিতে যোগ দিয়েছিলেন। সর্বশেষ ছিলেন এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে, প্রেসিডিয়াম সদস্য হিসেবে। জাতীয় পার্টিও তাঁকে প্রেসিডিয়াম থেকে বাদ দিয়েছে।

প্রতিক্রিয়া: প্রথম আলোর কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, সাখাওয়াত হোসেনের ফাঁসির রায়ে স্থানীয় মানুষেরা উল্লাস প্রকাশ করেছেন। শহীদ পরিবারের সন্তান গাজিউর রহমান বলেন, ‘সাখাওয়াতের নেতৃত্বে রাজাকাররা তাঁর বাবা চাঁদতুল্য ও ভাই আতিয়ার রহমানকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। অনেক বছর পরে হলেও আমরা বিচার পেয়ে খুশি।’