সাগর উত্তাল, ট্রলার ডুবে জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের নারিকেলবাড়িয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। ট্রলারের বাকি আটজন জেলে প্রায় দুই দিন সাগরে ভাসমান থাকার পর অন্য একটি ট্রলার গত বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করে। তাঁদের মধ্যে দুজনকে গুরুতর আহতাবস্থায় গতকাল দুপুরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উদ্ধার হওয়া জেলেরা জানান, মঙ্গলবার রাত একটার দিকে বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনসংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় প্রবল ঢেউয়ের তোড়ে তাঁদের বহনকারী এফবি ইমরান নয়জন জেলেসহ ডুবে যায়। এ সময় জেলে হাবিব পানিতে ডুবে যান। বাকি আটজন জেলে কনটেইনার ধরে সাগরে ভাসতে থাকলে বৃহস্পতিবার বিকেলে এফবি রফিক নামের আরেকটি ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করে গতকাল শুক্রবার দুপুরে পাথরঘাটায় নিয়ে আসেন।ডুবে যাওয়া এফবি ইমরানের মালিক পাথরঘাটার বাদুড়তলা গ্রামের ইসমাইল হোসেন জানান, ডুবে যাওয়ার পর জেলেরা অনেক সময় সাগরে ভাসতে থাকায় অসুস্থ হয়ে পড়েন। ইদ্রিস (৩০) ও ইদ্রিস (২৫) নামে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়।উদ্ধার হওয়া জেলে কামাল জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর তাঁরা সবাই দিশেহারা হয়ে পড়েন। এ সময় যে যা পারেন তাই নিয়ে বাঁচার চেষ্টা করেন। হাবিব বেশ কিছু সময় ভোসে থাকার পর ক্লান্ত হয়ে পড়লে তিনি তাঁদের চোখের সামনেই পানিতে ডুবে যান।গতকালও বঙ্গোপসাগর খুব উত্তাল থাকায় বেশির ভাগ ট্রলার পাথরঘাটা ও বরগুনার বিভিন্ন ঘাটে নিরাপদ আশ্রয়ে থাকে।জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক মো. হাফিজুর রহমান জানান, ৩ নম্বর নৌ সতর্কসংকেত গতকাল শুক্রবারও বহাল ছিল। বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।