সাগর উত্তাল, ছয় হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় ছয় দিন ধরে কক্সবাজারের প্রায় ছয় হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ রয়েছে। এতে অন্তত এক লাখ জেলে বেকার হয়ে পড়েছেন। ফলে হাটবাজারে সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখা দিয়েছে।
গত সোমবার সকালে শহরের প্রধান পাইকারি মাছের বাজার নুনিয়াছটার ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, কোনো মাছ নেই। পাশের বাঁকখালী নদীতে কয়েক হাজার ট্রলার নোঙর করে আছে। গভীর সমুদ্র থেকে বেশ কিছু ট্রলার নিরাপদ আশ্রয়ে নদীতে ঢুকছে।
চট্টগ্রামের আনোয়ারা এলাকার একটি ট্রলারের জেলে শাহাব মিয়া (৩৭) বলেন, ‘নয় দিন আগে ট্রলার নিয়ে সাগরে ইলিশ ধরতে নেমেছি। ইলিশের বদলে বেশ কিছু রুপচাঁদা ধরেছি। কিন্তু বৈরী পরিবেশে সাগর প্রচণ্ড রকম উত্তাল হয়ে পড়ায় দুই দিন ধরে এই নদীতে অবস্থান করছি। সাগরের অবস্থা এখন আরও খারাপ। তাই বাড়ি ফিরতে পারছি না। রুপচাঁদা বিক্রির টাকায় আমরা খেয়েদেয়ে সময় পার করছি।’
মহেশখালীর একটি ট্রলারের জেলে আবদুল মালেক (৪৪) বলেন, কয়েক দিন পরেই ঈদ। অথচ ছেলেমেয়েদের নতুন জামাকাপড় কিনে দেওয়া হয়নি। মাছ ধরা বন্ধ থাকলে জেলে পরিবারে ঈদের আনন্দ মাটি হয়ে যাবে।
কয়েকজন জেলে বলেন, বহু জেলে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরতে নামছেন। ট্রলারডুবির ঘটনায় অনেকে লাশ হয়ে ফিরছেন। গত সাত দিনে পাঁচটি ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।
মহেশখালী পৌরসভার কাউন্সিলর শাহাবউদ্দিন বলেন, ১৯ জুলাই সন্ধ্যায় গভীর সাগর থেকে উপকূলে ফিরে আসার সময় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে স্থানীয় ফয়েজ উল্লাহ, নাসির আহমদ ও আবদুল আজিজের তিনটি ট্রলার ডুবে যায়। অপর একটি ট্রলার ২১ জনকে উদ্ধার করলেও তিন জেলে সব্বির আহমদ, সোনা মিয়া ও খোকন নিখোঁজ হন। এর মধ্যে ২০ জুলাই সব্বির আহমদের লাশ কক্সবাজার সৈকত থেকে উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার জেলা ফিশিংবোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছয় দিন ধরে জেলার
ছয় হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ রয়েছে। এ কারণে এক লাখ ১০ হাজার জেলে বেকার হয়ে পড়েছেন। ঈদের আগে সাগরের পরিস্থিতি স্বাভাবিক না হলে জেলে পরিবারে ঈদের আনন্দ মাটি হয়ে যাবে।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন বলেন, পাঁচ-ছয় হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ থাকায় শহরের সাতটি প্রধান বাজারে মাছের তীব্র সংকট চলছে। আগে শুধু ফিশারিঘাট থেকে দৈনিক ২০-৩০ ট্রাক মাছ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সরবরাহ করা হতো। এখন এক ট্রাকও সম্ভব হচ্ছে না।