সাগর উত্তাল, ১০ হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় এক সপ্তাহ ধরে বরগুনাসহ দক্ষিণ উপকূলের প্রায় ১০ হাজার ট্রলার মাছ ধরা বন্ধ রেখেছে। এতে উপকূলের অন্তত দুই লাখ জেলে বেকার হয়ে পড়েছেন।
বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক কিশোর কুমার সরকার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
সোমবার সকালে বরগুনা সদরের নলী, নিশানবাড়িয়া, ডালভাঙা, গুলিশাখালী ও বাওয়ালকর এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় চার হাজার ট্রলার এসব এলাকায় নোঙর করে আছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মৎস্য বন্দর পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র, পদ্মা স্লুইস ট্রলার বন্দর, তালতলী উপজেলার জয়ালভাঙা, নিদ্রা ট্রলার বন্দর, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, আলীপুর, সুন্দরবনের কচিখালী, শরণখোলা ও সূপতি এলাকায় প্রায় ছয় হাজার ট্রলার নোঙ্গর করে আছে বলে এসব এলাকার মৎস্যজীবী সমিতির নেতারা জানিয়েছেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কামাল আহমেদ জানান, গত বৃহস্পতিবার রাত থেকেই জেলেরা কূলে ফিরতে শুরু করেন। সুন্দরবনের সূপতি ও কচিখালী এলাকায় অসংখ্য ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে। বন বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা তাঁদের নিরাপত্তায় নিয়োজিত আছেন।
পাথরঘাটার চরদুয়ানি এলাকার একটি ট্রলারের জেলে সাইফুল ইসলাম বলেন, ‘নয় দিন আগে ট্রলার নিয়া সাগরে ইলিশ ধরতে গেছি। কিন্তু ঢেউয়ের কারণে সাগরে আর কূলাইতে পারি নায় বইল্লা কিনারে আইছি। আইজ ছয় দিন ধইর্যা ঘাটে বইয়্যা রইছি।’
নলী গ্রামের জেলে আবদুল খালেক বলেন, ‘কয় দিন পরই ঈদ। বউ-বাচ্চাগো লইয়্যা ঈদে দুইটা ডাইল-ভাত খামু হেই অবস্থাও নাই।’ তালতলী উপজেলার গোলাম মোস্তফার মালিকানাধীন একটি ট্রলার সোমবার দুপুরে বঙ্গোপসাগরে রওনা হয়ে যায়। বিকেলে ওই ট্রলারের মাঝি কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাগর খুব উত্তাল, আইল (হাল) ধইর্যা রাখতে পারি না। কিন্তু প্যাটের দায়ে মরণ কবুল কইর্যা সাগরে আইছি।’
এদিকে সোমবার দুপুরে নলবুনিয়া এলাকার একটি ও পিরোজপুরের তুসখালী এলাকার অপর একটি ট্রলারের বঙ্গোপসাগর মোহনায় নিমজ্জিত হয়। তবে কোনো জেলের হতাহতের খবর পাওয়া যায়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছয়-সাত দিন ধরে উপকূলে কমপক্ষে দুই লাখ ট্রলার ঘাটে বসে আছে। ঈদের আগে পরিস্থিতি স্বাভাবিক না হলে জেলে পরিবারের ঈদের আনন্দ মাটি হয়ে যাবে।