সাগর ও নদ-নদীতে ১১ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
মা-ইলিশ রক্ষা এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১১ দিন উপকূলীয় এলাকাসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বরগুনা জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা চলাকালে উপকূলের নদ-নদী ও সাগর মোহনায় ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন আইনত দণ্ডণীয় বলে গণ্য হবে।
গতকাল শুক্রবার সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, বলেশ্বর, বিষখালী ও বঙ্গোপসাগর থেকে আসা ট্রলারগুলো একের পর এক মৎস্যবন্দরের জেটিতে ভিড়ছে। এসব ট্রলারের খোলভর্তি রুপালি ইলিশ ট্রলার থেকে ঝাঁপিতে করে শ্রমিকেরা খালাস করে মৎস্যবন্দরের নির্ধারিত বাজারের মেঝেতে স্তূপ করে রাখছেন।
মৎস্যবন্দরের আড়তদার সগির আলম জানান, পাইকারি মোকামে স্থানীয় নদ-নদীর এক কেজির কম (৮০০ থেকে ৯৫০ গ্রাম) ওজনের প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ হাজার টাকায়। আর এক কেজি বা তদূর্ধ্ব ওজনের ইলিশ মণপ্রতি বিক্রি হচ্ছে ৩০-৩৫ হাজার টাকায়। এক সপ্তাহ আগে এসব ইলিশ পাইকারি বাজারে মণপ্রতি পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হয়েছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল দুপুরে জানান, আগে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দু-একটি ট্রাকে করে ঢাকা ও খুলনায় ইলিশ পাঠানো হতো। এখন দৈনিক ১৫-২০টি ট্রাক এখান থেকে ইলিশ নিয়ে যাচ্ছে।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কয়েক বছরে সরকারের জাটকা নিধন বন্ধে সফলতার কারণে দেশে ইলিশের উৎপাদন কয়েক গুণ বেড়েছে। বাজারে সরবরাহ ও মূল্য মানুষের নাগালের মধ্যে রাখার লক্ষ্যে সরকার ২০১২ সালের জুলাই থেকে ইলিশ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল দুই লাখ ৯৮ হাজার মেট্রিক টন। ২০১২-১৩ অর্থবছরে উৎপাদন বৃদ্ধি পেয়ে দাঁড়ায় তিন লাখ ৫১ হাজার মেট্রিক টনে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষার মৌসুমের হেরফের হওয়ায় ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমেও হেরফের হচ্ছে। এ জন্য সরকার ১৯৮৫ সালের ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের’ কিছু ধারা ২০১১ সালের সেপ্টেম্বরে সংশোধন করে। সংশোধিত আইনানুযায়ী, প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সংশোধিত আইনে নিষেধাজ্ঞাকালীন এসব কর্মকাণ্ডের জন্য আটক ব্যক্তিকে এক থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং কমপক্ষে এক হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বঙ্কিম চন্দ্র বিশ্বাস জানান, এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ৬ অক্টোবর সকাল থেকে প্রতিটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে। যৌথ বাহিনীর টহল অব্যাহত থাকবে। এ সময় উপকূলের সব বরফকলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য অধিদপ্তরের ‘ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পের’ পরিচালক (পিডি) এ বি এম জাহিদ হাবিব বলেন, নিষেধাজ্ঞাকালীন যাতে কেউ মাছ ধরতে না পারে সে জন্য কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ২৪ জেলার মৎস্য কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।