নদ-নদীর মতো মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কমলেও সাগর ও বদ্ধ জলাশয়ে উৎপাদন বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে মাছ ও মৎস্যজাত পণ্য থেকে রপ্তানি আয়।গতকাল মঙ্গলবার মৎস্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।‘নিরাপদ মাছে ভরব দেশ, বদলে দেব বাংলাদেশ’ স্লোগান নিয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১১। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। এরপর সপ্তাহজুড়ে থাকবে প্রচার-প্রচারণা, আলোচনা, সেমিনারসহ নানা আয়োজন।সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, মৎস্য খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জাতীয় উৎপাদনের ৩ দশমিক ৭৪ শতাংশ এবং রপ্তানি আয়ের ২ দশমিক ৭০ শতাংশ আসে এ খাত থেকে। মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণে বিদ্যমান বিভিন্ন প্রাকৃতিক ও মানুষসৃষ্ট প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হলে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানো যাবে বলে তিনি মনে করেন।মৎস্য অধিদপ্তরের হিসাবে, ২০০৮-০৯ অর্থবছরে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন ছিল ১১ লাখ মেট্রিক টনের বেশি। পরের অর্থবছরে তা ১০ লাখ ২৯ হাজার মেট্রিক টনে নেমে আসে।এর আগে ২০০৫-০৬ অর্থবছরে নদী, বিল, হ্রদ, পুকুর ও সাগর মিলিয়ে মাছের মোট উৎপাদন ছিল ২৩ লাখ ২৮ হাজার ৫৪৫ মেট্রিক টন। এর পর থেকে প্রতিবছর ওই উৎপাদন বেড়েছে। ২০০৯-১০ অর্থবছরে এ উৎপাদন দাঁড়ায় ২৮ লাখ ৯৯ হাজার ১৯৮ মেট্রিক টনে। গত বছর তা ছিল ৩১ লাখ মেট্রিক টনের মতো।মাছের উৎপাদনের সঙ্গে সঙ্গে বাড়ছে মাছ ও মৎস্যজাত পণ্যের রপ্তানি আয়। অধিদপ্তরের হিসাবে, এ খাতে গত এক বছরে আয় বেড়েছে এক হাজার ১৯৫ কোটি টাকা। এর সিংহভাগই এসেছে চিংড়ি থেকে। গত ২০১০-১১ অর্থবছরে ৯৬ হাজার মেট্রিক টন মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে চার হাজার ৬০৩ কোটি টাকা। এর আগের বছর ৭৭ হাজার মেট্রিক টন মাছ রপ্তানি থেকে আয় হয় তিন হাজার ৪০৮ কোটি টাকা। আর ১৯৯২-৯৩ সালে এ আয় ছিল মাত্র ৭০০ কোটি টাকা।বাণী: মৎস্য সপ্তাহ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় মাছের অভয়ারণ্য সৃষ্টি, পোনা উৎপাদন ও সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।অন্য এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ মৎস্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই।