সাগর থেকে তিন শ্রমিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ডুবে যাওয়া একটি ট্রলারের তিন শ্রমিককে উদ্ধার করেছে অ্যাম্বুলেন্স শিপ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রলারডুবির কিছুক্ষণের মধ্যে তাঁদের উদ্ধার করা হয়।
বন্দর কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্স শিপ কেনার পর সাগর থেকে কাউকে উদ্ধারের ঘটনা এটিই প্রথম।
উদ্ধার করা তিন শ্রমিক হলেন মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার মো. সেলিম (১৯), মো. নাছির (৪৩) ও মো. শাহাবুদ্দিন (৩৮)।
বন্দরের বেতার নিয়ন্ত্রণ শাখা সূত্র জানায়, মহেশখালী থেকে ৩৫ মেট্রিক টন লবণ নিয়ে এমবি জাহেদুল ইসলাম নামের একটি ট্রলার বোয়ালখালীর এস এ সল্ট কারখানায় যাওয়ার পথে বন্দরের জলসীমায় দুর্ঘটনার কবলে পড়ে। হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে পারকি সৈকতের অদূরে বন্দরের জলসীমায় ডুবে যায় ট্রলারটি। ট্রলারের শ্রমিকদের পানিতে ভাসতে দেখে কাছাকাছি থাকা এমভি বাংলার মণি জাহাজের নাবিকেরা তাৎক্ষণিক বিষয়টি বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষে জানান। বেতার নিয়ন্ত্রণকক্ষ থেকে যোগাযোগ করে একটি অ্যাম্বুলেন্স শিপ ও একটি পাইলট বোট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর তিনজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স শিপে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বন্দরের উপপরিচালক (নিরাপত্তা) লে. কমান্ডার মো. নেজাম উদ্দিনের নেতৃত্বে একটি অ্যাম্বুলেন্স শিপ গিয়ে তিনজনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া শ্রমিকেরা জানান, আরও দুজন শ্রমিক সাঁতরে পারকি সৈকতে উঠে রক্ষা পান।