সাগর নদীতে ইলিশ নেই জেলেরা দিশেহারা
‘হারা দিন ঘাটে বইয়্যা কাটাই, বাড়ি যাই না। যামু ক্যামনে? বাড়ি গ্যালে বউ-পোলাপানের লইগ্যা চাউল-বাজার-সওদা নেওন লাগবে। মহাজনের কাছ দিয়া বহু টাকা দাদন আইন্যা সাগরে গেছিলাম। কিন্তু যে মাছ পাইছি তা দিয়া ত্যাল (জ্বালানি) আর খাওন খরচাও ওঠে নায়। বউ-বাচ্চারা চাইয়্যা রইছে, কী যে করমু, কইতে পারি না!’ এমন করেই নিজের দুঃখ-দুর্দশার কথা বলছিলেন জেলে আবদুর রশিদ। বরগুনার পাথরঘাটার পদ্মা স্লুইস এলাকায় অসংখ্য মাছ ধরার ট্রলার ঘাটে বেঁধে অলস সময় কাটাচ্ছে অনেক জেলে। বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কিন্তু সাগরে ও নদ-নদীতে ইলিশ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে দক্ষিণ উপকূলের প্রায় দেড় লাখ জেলে।জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩০ বছরে সাগরে মাছের এমন আকাল তারা দেখেনি। বৈশাখের শুরুতে মহাজনের কাছ থেকে দাদন ও ধার-দেনা করে জাল-নৌকা ঠিকঠাক করে সাগরে গেছে বেশ কয়েকবার। কিন্তু আশানুরূপ ইলিশ পায়নি। তার ওপর জলদস্যুদের হামলা, চাঁদাবাজি ও অপহরণ তো আছেই। সাগরে ৩৫ বছর ধরে ইলিশ ধরার কাজ করছেন তালতলীর জয়ারভাঙা এলাকার জেলে মকবুল হোসেন (৬০)। তিনি বলেন, ‘আষাঢ় মাস শুরু অইলে এত্তো মাছ জালে ধরা পড়ত যে মোরা জাল জাগাইয়্যা ওপরে উঠাইতে পারতাম না। প্রায়ই জাল কাইট্টা সাগরে ভাসাইয়্যা দেতাম। কিন্তু এহন হেই সব কথা গপ্পের মতো হুনায়। ৩৫ বছরে ইলিশের এমন আকাল আর দেহি নায়।’ পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সগীর আলম বলেন, ‘মৌসুমের আড়াই মাস কেটে গেলেও ইলিশ ধরা না পড়ায় আমাদের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।’ তিনি বলেন, ইলিশ মৌসুমকে কেন্দ্র করে ব্যবসায়ীরা এ খাতে প্রায় ২০০ কোটি টাকা লগ্নি করেছেন। এখন তাঁরাও দুশ্চিন্তার মধ্যে আছেন। ভরা মৌসুমে সাগরে ইলিশ না পাওয়ার কারণ জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের কোর্স সমন্বয়কারী সুলতান মাহমুদ বলেন, নদীর নাব্যতা হ্রাস, নির্বিচারে জাটকা নিধন, পানিদূষণসহ নানা কারণে এটা হতে পারে। রাজবাড়ীতেও ইলিশের আকাল রাজবাড়ীর কাছে পদ্মা নদীতে ভরা মৌসুমেও জাল ফেলে ইলিশ না পেয়ে খালি হাতে ফিরছেন জেলেরা। সেই সঙ্গে দাদনের টাকা পরিশোধের চিন্তায় জেলেদের মধ্যে হতাশা বিরাজ করছে। পদ্মা-যমুনায় সারা বছর কমবেশি ইলিশ পাওয়া গেলেও জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাস ইলিশের ভরা মৌসুম। এ সময় সাধারণত সাগরের পানির সঙ্গে মাছ উজানে আসে। তখন জেলেদের মাঝে ইলিশ ধরার ধুম পড়ে। দৌলতদিয়া ঘাটের ইলিশ বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, ‘পদ্মায় ইলিশ না পেয়ে খালি হাতে ফিরে আসছে জেলেরা। যেসব জেলে মহাজনের কাছ থেকে দাদন নিয়েছে, তারা এখন বিপদে পড়েছে।’ গোয়ালন্দ বাজারের ইলিশের আড়তদার বাদল বিশ্বাস বলেন, ‘গত পৌষ-মাঘ মাসেও শুধু গোয়ালন্দেই প্রতিদিন প্রায় ১০০ মণ ইলিশ বিক্রি হতো। কিন্তু বৈশাখ থেকে শুরু করে বর্তমানে ইলিশের ভরা মৌসুমেও এক মণ মাছ বিক্রি হচ্ছে না।’ তিনি জানান, বিক্রেতারা ইলিশ না পেয়ে পাঙ্গাশ মাছ বিক্রি করছেন। জেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, রাজবাড়ী অঞ্চলে প্রায় ২৫ হাজার জেলে রয়েছেন। তাঁদের অধিকাংশই নদীতে মাছ না পেয়ে বেকার বসে আছেন। পদ্মায় সাধারণত জুনের মাঝামাঝি থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত ইলিশ দেখা দেয়। এসব ইলিশ সাগর থেকে আসে আবার সাগরেই ফিরে যায়। যাওয়া-আসার সময় জেলেদের জালে ধরা পড়ে। এ ছাড়া বৃষ্টিপাত বেশি হয়নি এবং পদ্মায় পানির গভীরতা ও স্রোত কম।