সাগর মোহনায় অবাধে ধরা হচ্ছে বাগদা চিংড়ির রেণু
ভোলা সাগর মোহনায় জেলেরা মশারি জাল দিয়ে লোনাপানিতে বাগদা চিংড়ির রেণু ধরছেন। তারা চিংড়ি রেণু ধরতে গিয়ে অন্য প্রজাতির অসংখ্য রেণু ধ্বংস করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এই রেণু আহরণ করা হলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, একজন জেলে একটি বাগদা চিংড়ির রেণু (পিএল-পোস্ট লার্বা) ধরার জন্য অন্য প্রজাতির ৮০০-১২০০ রেণু পোনা ধ্বংস (মৎস্য বিভাগের গবেষণা থেকে) করে থাকেন। এর মধ্যে ২০০ প্রজাতির মাছ ও জলজ প্রাণীর পোনা ধ্বংস হচ্ছে। ফলে উপকূলীয় এলাকা, মেঘনা ও তেতুলিয়ার মুক্ত জলাশয়ে অন্যান্য প্রজাতির ওপর ক্ষতিকারক প্রভাব পড়ছে। এসব কারণে বাগদা ও গলদা চিংড়ির রেণু আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি ট্রলারযোগে মেঘনার মোহনা ঘুরে দেখা যায়, চর পাতিলা, ঢালচর, চর কুকড়িমুকড়িসহ পুরো সাগর মোহনায় জেলেরা মশারি জাল দিয়ে বাগদা রেণু ধরছেন। মনপুরা উপজেলার আশপাশের মেঘনায়ও একইভাবে বাগদা রেণু ধরা হচ্ছে।চর পাতিলা এলাকার জেলে জসিম উদ্দিন মাঝি (৪৫) কুকড়ি বনের খালে মশারি জাল টেনে বাগদা চিংড়ির রেণু ধরছেন। সঙ্গে তাঁর ছেলে রুবেল (৯), আরেক শিশু আজাদসহ (১২) ৩০-৩৫ জন জেলে। তাঁদের কোমরে বা হাতের কবজিতে একটি করে হাঁড়ি বাঁধা। আবার কারও হাতে বালতি। অনেকক্ষণ টানার পর মশারি জালের একটি কোনায় হরেক রকম মাছের রেণু-পোনা, জীব, খাদ্যকণা ও গলদা চিংড়ির রেণু জমা হয়। একটি থালা দিয়ে কাচিয়ে জালের এ তলানি হাঁড়ির মধ্যে রাখেন। এভাবে কয়েকবার রাখার পর পাত্র ভরে গেলে জসিম উদ্দিন উঠে আসেন ডাঙায়। তারপর বেছে বেছে বিক্রির উপযুক্ত সবচেয়ে ছোট রেণুটি পরিষ্কার পানি ভরা আরেকটি পাত্রে রাখেন। বাকি সব কিছুই শুকনো মাটিতে ফেলে দেন। ডাঙায় ফেললেন কেন? এ প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, ‘আল্লায় দিলে নদীর মাছ কমে না।’ চিংড়ি রেণু ধরা নিষেধ, আপনি জানেন? জবাবে তিনি বলেন, ‘হুনছি নিষেধ, কিন্তুক কই বর বর বেপারিরা ঠিকই কিনে। হ্যারাই তো আমগোরে দাদন দিছে।’ একই ধরনের জবাব দেন অন্য জেলেরাও।চরফ্যাশনের কচ্ছপিয়া মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি মাছের আড়তে মাটি ও অ্যালুমনিয়ামের ছোট-বড় শত শত হাঁড়ি-পাতিল। এখানে বাগদা রেণু বেপারিরা গবেষকের মতো পর্যবেক্ষণ করে চোখের দেখায় যে রেণুটি পছন্দ, সেটি চামচ দিয়ে তুলে রাখছেন অন্য একটি পাতিলে, যেটি পছন্দ নয় সেটি মাটিতে ফেলে দিচ্ছেন।বাগেরহাট জেলার ফকিরহাটের বেপারি শাহাবুদ্দিনকে (৩৪) জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ‘এদে কী করব, ওগুলোতে আমার ব্যবসার বারোডা বাজাইয়ে দেবে। বুজতি পারেননি, অগুলো শিংদে গুঁতোয়য়ে ছোটগুলোরে মাইরে ফেলাবে।’ তা হলে নদী কিংবা খালে ফেলে দিতেন? এর জবাবে বলেন, ‘দুই-এট্টা মল্লি (মারলে) কিছু অবেনানে।’চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বাগদা রেণু না ধরার জন্য জেলেদের সচেতন করা হয়েছে। কোস্টগার্ড পুলিশ নিয়োজিত আছে। কিন্তু মৎস্য বিভাগের জনবল শূন্যের কোটায়, এ জন্য সব সময় তদারকি করা যায় না। তার ওপর অন্য বিভাগের দায়িত্বও পালন করতে হচ্ছে।’চরফ্যাশন দক্ষিণ আইচা কোস্টগার্ডের পেটি অফিসার এস এম রানা বলেন, ‘আমরা বাগদা রেণু ধরা বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে এ পেশার সঙ্গে সম্পৃক্ত সবাই খুব গরিব।’