সাগর মোহনায় চলছে অনুমোদনহীন নৌযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়াঘাট থেকে সাগর মোহনার চারটি পথে অনুমোদনহীন ছোট ছোট যাত্রীবাহী নৌযান চলাচল করছে। পথগুলো হলো কচ্ছপিয়া-ঢালচর, কচ্ছপিয়া-কুকরিমুকরি, কচ্ছপিয়া-চরপাতিলা ও কচ্ছপিয়া-চরমন্তাজ। নৌ-নিরাপত্তা আইনে এসব পথে সারা বছর ছোট নৌযানে যাত্রী পারাপার নিষিদ্ধ।জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ভোলায় দায়িত্বরত পরিদর্শক নাসিম আহমেদ প্রথম আলোকে বলেন, কচ্ছপিয়াঘাট থেকে ছেড়ে যাওয়া সবগুলো যান অনুমোদনহীন। এসব পথে নৌযান চলাচল করতে হলে চলাচলের অনুমতি, সময়সূচি, জরিপ সনদসহ লাইফ জ্যাকেট, লাইফ বোট, বয়া ও অগ্নিনির্বাপক সরঞ্জাম দরকার। কিন্তু যেসব যান চলাচল করছে, সেগুলোর এসবের কিছুই নেই। এ নিয়ে চারটি মামলা করা হয়েছে। এসব নৌযান চলাচল বন্ধের জন্য স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ঢালচর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদার দাবি করেন, কচ্ছপিয়া-ঢালচর পথে ৪০ বছর আগে যে নৌকাটি চলত, এখনো সেটি চলছে। শুধু আকারে একটু বড়, এর সঙ্গে ইঞ্জিন যোগ হয়েছে। আগে এ পথে ৩০-৪০ জন মানুষ চলাচল করত, এখন চলাচল করে ৩০০-৪০০ জন। কুকরিমুকরি ইউনিয়নের চেয়ারম্যান হাসেম মহাজন বলেন, এ অঞ্চলে প্রতিদিন পর্যটক আসেন। তাঁরা এই ঝুঁকিপূর্ণ নৌযানে চলাচল করেন। এখানে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। স্থানীয়দের ভাষ্যমতে, কচ্ছপিয়াঘাট থেকে ছেড়ে যাওয়া নৌযানগুলো পরিচালনা করেন মাহে আলম হাওলাদার ও তাঁর আত্মীয়স্বজন। ঘাটটি ইজারাও নিয়েছেন তিনি। জানতে মাহে আলম হাওলাদার বলেন, বিআইডব্লিউটিএ তজুমদ্দিন উপজেলার দক্ষিণে এ ধরনের খেয়া বা ছোট লঞ্চের বে-ক্রসিং যোগ্যতাসম্পন্ন সনদসহ কোনো অনুমোদনই দেয় না। এ পতে সি ট্রাক চলার কথা। জনসাধারণের সুবিধার্থে উপজেলা পরিষদ এসব নৌযান চালাতে অনুমতি দিয়েছে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-এলাহী বলেন, উপজেলা পরিষদ কচ্ছপিয়াঘাট ইজারা দেয়। কিন্তু সে ঘাট থেকে যেসব যান ছেড়ে যাচ্ছে, সেগুলো দেখভালের দায়িত্ব বিআইডব্লিউটিএর। সহায়তা চাইলে তাঁরা দেবেন। দক্ষিণ আইচা কোস্টগার্ডের ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তা (পেটি অফিসার) তারেক মোস্তফা বলেন, ‘দক্ষিণ জোনের কমান্ডার আমাদের নির্দেশ দিয়েছেন, ইউএনওর নির্দেশমতো কচ্ছপিয়াঘাট থেকে ছেড়ে যাওয়া নৌযানগুলোর বৈধতা তল্লাশি করার জন্য। এ ব্যাপারে ইউএনওর চিঠি দেওয়ার কথা।’ দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, কচ্ছপিয়াঘাট থেকে সাগর মোহনার বিভিন্ন চরে যে কয়টি যান ছেড়ে যাচ্ছে, সেসবের মালিকদের ডেকে দ্রুত কাগজপত্র তৈরি করতে বলা হয়েছে।