জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি এবং সৌদি দূতাবাসের কর্মকর্তা খুনের সুরাহা হওয়া দরকার। এই দুটি ঘটনার সুষুম বিচার না হলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩৪তম অধিবেশনের সমাপনী দিনে ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিক এরশাদ এ কথা বলেন।এরশাদ বলেন, কয়েক দিন আগে সংসদে যে ধরনের আলোচনা হয়েছে, কয়েকজন সংসদ সদস্য যে ভাষায় কথা বলেছেন এবং পত্রপত্রিকায় সে সম্পর্কে যেসব কথা লেখা হয়েছে, তাতে জাতির কাছে মাথা হেঁট হয়েছে। তিনি বলেন, ‘আমার সময় দুটি সংসদ ছিল। আমাকে স্বৈরাচার বলা হতো। কিন্তু মানুষ এখন বলছে, এরশাদের সময় ভালো ছিল। মানুষ এই গণতন্ত্র আর চায় না।’এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি সরকারে থাকার সময় সংসদে সংরক্ষিত ৩০ জন মহিলা সংসদ সদস্যকে সাপ্তাহিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান ৩০ সেট অলংকার বলেছিলেন। এই সম্পাদক বিএনপির থিংক-ট্যাংক বলে পরিচিত। তাঁকে অনুরোধ করব, সংসদে বিএনপির নারী সাংসদদের ভূমিকা ও কথাবার্তা সম্পর্কে যেন একটি আর্টিকেল লেখেন।’