সাগর-রুনি মামলায় তদন্ত প্রতিবেদন দেয়নি র্যাব

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার তারিখ ছিল আজ বুধবার। কিন্তু মামলার তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আজও ওই মামলার প্রতিবেদন দেয়নি আদালতে। আদালত আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন।
ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আজ এ তারিখ ধার্য করেন। এ ছাড়া এই মামলার আসামি পলাশ রুদ্র পাল হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করেছেন আদালত।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন। ওই ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শুরুতে পুলিশ মামলাটির তদন্ত করছিল। চার দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। ডিবি দুই মাসেরও বেশি সময় তদন্ত করে। পরে হাইকোর্টের নির্দেশে গত বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবকে দেওয়া হয়। বর্তমানে র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়ারেছ আলী মামলাটির তদন্ত করছেন।