তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২১ মার্চের মধ্যে জমার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ২১ মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম আজ বুধবার এই আদেশ দেন।

উচ্চ আদালতের নির্দেশে র‍্যাব এই মামলার তদন্ত করছে। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন দাখিল হয়নি। এর পরিপ্রেক্ষিতে আদালত এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ২১ মার্চের মধ্যে জমা দিতে নির্দেশ দেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন প্রথম আলোকে এই তথ্য জানান।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাগর-রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। আর তাঁর স্ত্রী মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার। সাগর-রুনি হত্যার ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়।