সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ওই দিন দুপুরে সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন ডিআরইউ নেতারা। এ সময় মন্ত্রী মামলার বিষয়ে তাঁদের নানা আশ্বাস দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে ‘যথেষ্ট দেরি হয়েছে’ স্বীকার করেন আসাদুজ্জামান খান। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে। সরকার বসে নেই, কাজ চলছে। এ মামলার তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।
ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরুল ইসলামের নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সংগঠনের যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল কাফি, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ ও কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা উপিস্থিত ছিলেন।
এদিকে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে এবার ডিআরইউ তিন দিনের কর্মসূচি নিয়েছে। এর প্রথম দিন ছিল মোমবাতি প্রজ্বালন। এরপর গত শুক্রবার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়। এ ছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি বরাবরও স্মারকলিপি দেবে ডিআরইউ।