সাগর-রুনি হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত আটকের সুপারিশ
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করার মাধ্যমে আটক করে বিষয়টির সুরাহা করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, কমিটির সভাপতি বিষয়টি বৈঠকে উত্থাপন করেছিলেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘটনাটির কোনো সুরাহা হচ্ছে না। এ জন্য কমিটির পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আটক করার জন্য পুলিশ বাহিনীকে বলা হয়েছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দিলেও তা না হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এ মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় ডিবি পুলিশ ব্যর্থতা স্বীকার করে নিলে হাইকোর্ট র্যাবকে তদন্তের দায়িত্ব দেন। তারপর চার বছর গড়ালেও এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা হয়নি।
৪৬ বার সময় নিয়েও প্রতিবেদন জমা না দেওয়ায় বর্তমান তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিনকে তলব করেছেন আদালত।
টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শামসুল হক, ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ ও ফখরুল ইমাম অংশ নেন।