সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই উদঘাটন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘সাগর-রুনি হত্যা মামলার বাদীর অভিযোগ সঠিক নয়। চাঞ্চল্যকর এ মামলাটি তদন্ত করছেন র‌্যাবের একজন সিনিয়র কর্মকর্তা। তদন্তের স্বার্থে র‌্যাব এ ব্যাপারে বাদীপক্ষকে কিছুই জানায়নি। র‌্যাব প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।’ খবর বাসসের।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইউবি) মিলনায়তনে ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সাগর মাছরাঙা টিভির বার্তা সম্পাদক ও রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে জেলা সমিতির অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মহান মুক্তিযুদ্ধে চাঁপাই নবাবগঞ্জবাসীর অনবদ্য অবদানের কথা উল্লেখ করেন। তিনি চাঁপাইয়ের বিশ্ববিখ্যাত সুস্বাদু মিষ্টি আম ও রেশম শিল্পেরও প্রশংসা করেন।

প্রকৌশলী মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মোহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস, মোহাম্মদ গোলাম রাব্বানী প্রমুখ।