সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিত করতে কাজ করব: তথ্যমন্ত্রী
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সাংবাদিকদের পক্ষ হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে যোগদান শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।তথ্যমন্ত্রী গতকাল বিকেলে নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকায় জেলা জাসদের নারীবিষয়ক সম্পাদক সখিনা বেগমের মেয়ে শারমীনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাগর-রুনির হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তবু হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে আমি সাংবাদিকদের পক্ষ হয়ে কাজ করব।’ এ ব্যাপারে মন্ত্রণায়লয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরেই তদবির অব্যাহত রাখবেন বলে মন্ত্রী জানান। এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী শিরিন আখতার, জেলা জাসদের নেতা মোহর আলী চৌধুরী, এম এ বারেক, এস এম মাসুদ রানা, মুসলেম উদ্দিন প্রমুখ।