বিচারের অগ্রগতি জানাতে আলটিমেটাম
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচারের অগ্রগতি প্রকাশ করতে সরকারকে এক মাসের সময়সীমা দিয়েছেন সাংবাদিকেরা। ওই সময়ের মধ্যে অগ্রগতি প্রকাশ করতে না পারলে সাংবাদিকেরা কঠোর কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং রাজধানীর বনানীতে মাছরাঙা টেলিভিশনের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।
ডিআরইউয়ের সামনে সমাবেশ থেকে সংগঠনটির সভাপতি জামাল উদ্দীন সরকারকে এক মাসের সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে যদি সরকার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি জানাতে ব্যর্থ হয়, তবে কঠোর আন্দোলনে যাবেন সাংবাদিকেরা। আমরা এরপর জনসংযোগ করব, মিছিল-সমাবেশে যাব। রাজপথে এই বিচারের দাবিতে আন্দোলন জোরদার করব।’
ডিআরইউয়ের সমাবেশে আসেন সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহীর সরওয়ার মেঘ। দুপুর সাড়ে ১২টার দিকে মামা নওশের রোমানের সঙ্গে সমাবেশস্থলে উপস্থিত হয় মেঘ। বেশ কিছুক্ষণ সমাবেশস্থলে অবস্থান করে বেলা পৌনে দুইটার দিকে বাসায় ফিরে যায় সে। এর আগে ইন্দিরা রোডে রুনির মায়ের বাড়িতে আজ মিলাদ মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানান মেঘের মামা নওশের।
ডিআরইউয়ের সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, একটি ঐক্যবদ্ধ আন্দোলনের দানা বাঁধতে পারিনি আমরা। এবারেও সব ইউনিয়ন, সংগঠন মিলে একটি সমাবেশ করতে পারিনি। ৪৮ ঘণ্টার সময় ৪৮ মাস পেরিয়েছে। তারপরও আমরা বিচার পাইনি। কার স্বার্থে বিচার পাইনি আমরা? ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই বিচার নিশ্চিত করতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ডিআরইউয়ের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসাইন প্রমুখ।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচন ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার চার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ খুনের মোটিভ জানাতে পারেনি পুলিশ, খুনি শনাক্ত তো দূরের কথা। বক্তারা অবিলম্বে সাগর-রুনির ঘাতকে আইনের আওতায় নিয়ে এসে বিচার কাজ সম্পন্নের জন্য সরকারের প্রতি দাবি জানান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা গাজী জহিরুল ইসলাম, রহমান মুস্তাফিজ, বরুণ ভৌমিক প্রমুখ।
রাজধানীর বনানীতে সাগর সরওয়ারের কর্মস্থল মাছরাঙা টেলিভিশনের সামনে আজ বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচিতে তাঁর সহকর্মীরা সাগর-রুনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধনে মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হকসহ তাঁর অন্য সহকর্মীরা অংশ নেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সাগর মাছরাঙা টিভির বার্তা সম্পাদক ও রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। হত্যাকাণ্ডের দিনই ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার কথা বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।