সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে অনশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার অনশন শুরু করেছেন পরিবেশবাদী সংগঠন নির্ভীকের প্রধান সমন্বয়ক ও নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।এই হত্যাকাণ্ডের ৪৮তম দিনে গতকাল বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু করেন তিনি। এ উপলক্ষে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন প্রমুখ। এ ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন। এ টি এম কামাল প্রথম আলোকে বলেন, ‘সাগর ও রুনি হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। কিন্তু ৪৮ দিনের মাথায়ও খুনিরা গ্রেপ্তার হয়নি। এই মামলার কোনো অগ্রগতির খবরও পাওয়া যায়নি। তাই আমি এই অনশন শুরু করেছি।’ গত ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়া করা ফ্ল্যাটে খুন হন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।