বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের (একাংশের) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ২০ বছর পর বিভক্ত সাংবাদিকেরা ঐক্যবদ্ধ হয়েছেন। এখন সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে। গতকাল সোমবার বেলা ১১টায় কক্সবাজার শহরের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সাংবাদিক সাগর-রুনি হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ যখন সাধারণ মানুষ খুন হন, নির্যাতিত হন তখন সাংবাদিকেরা এ নিয়ে লিখে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করেন। সাংবাদিকেরা বিচারব্যবস্থার স্বাধীনতার জন্য লিখেছেন, রাষ্ট্রের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন। কিন্তু স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে, তার কোনোটিরই বিচার হয়নি। ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সাংবাদিক সাগর-রুনির রক্তের শপথে সারা দেশের সাংবাদিকেরা আজ ঐক্যবদ্ধ হয়েছেন। আর তাই অতীতের সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’সমাবেশে বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘আদালতের নির্দেশে সাংবাদিকদের কলম বন্ধ থাকবে না। সত্য প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। আর কোনো জজ মিয়ার নাটক সাজাতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘আজ আমরা কক্সবাজার থেকে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের ঘোষণা দিচ্ছি।’ প্রবীণ সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মোস্তাক আহমদ, আবু তাহের, রাসেল চৌধুরী, আশেকুল্লাহ, তোফায়েল আহমদ, দীপক শর্মা, শামসুল হক, শফিউল্লাহ, মহসীন শেখ প্রমুখ।