সাগর-রুনির কবর না ভাঙার সিদ্ধান্ত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির কবর ভেঙে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তাঁদের একমাত্র সন্তান মেঘ সাবালক না হওয়া পর্যন্ত কবরটি সংরক্ষণের ব্যাপারে বিবেচনা করছে ওই বিভাগ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহিদ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু সাগর-রুনি হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো তদন্ত চলছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেহেতু তাঁদের কবর ভাঙার অনুমতি দেওয়া হবে না।
জানা গেছে, আজিমপুর কবরস্থানে সাগর-রুনির কবর ভেঙে দেওয়ার উদ্যোগের ব্যাপারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজ শনিবার থেকে সিটি করপোরেশনের নিয়মিত কাজের অংশ হিসেবে আজিমপুর কবরস্থান সমান করার কাজ শুরুর কথা। সিটি করপোরেশন প্রতি বছর একবার অরক্ষিত কবরগুলো ভেঙে সমান করে।
নতুন কবরের জায়গার সংকটের কারণে এটা করা হয়। আইন অনুযায়ী কবর সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। কবর সংরক্ষণ করতে চাইলে সিটি করপোরেশনের কাছে আবেদন করতে হয়। আবেদনের জন্য কবরপ্রতি ৭৫ হাজার টাকা ফি দিতে হয়। কিন্তু সাগর-রুনির কবর সংরক্ষণের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। এ কারণে অন্যান্য কবরের সঙ্গে তাঁদের কবরও ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল।