সাগর-রুনির খুনিদের খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাগর-রুনি হত্যাকারীদের খুঁজে বের করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সামনে উপস্থিত করবে। আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বিশ্বাস রাখুন। অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি আপনাদের কাছে এ ওয়াদা করে যাচ্ছি।’গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত সাড়ে তিন বছরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কোনো কাজে ব্যর্থ হয়নি। এটাতেও (সাগর-রুনি হত্যা তদন্ত) হবে না।’ অন্য সাংবাদিকদের হত্যার তদন্ত শুরু করার জন্য ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। ‘উন্নয়নের প্রধান সোপান আইনশৃঙ্খলার বাস্তবায়ন’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করেছে জাতীয় তরুণ প্রজন্ম নামে একটি সংগঠন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক বলেন, ‘আমরা যা বলি, তা করি না। এটার কোনো জবাবদিহিতাও নেই। এ কারণে সংস্থাগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না।’ তিনি বলেন, ‘শৃঙ্খলার জন্য আইন। আইনের ব্যত্যয় ঘটলে শৃঙ্খলা থাকে না। তাই আমাদের উচিত সর্বক্ষেত্রে আইন মান্য ও বাস্তবায়ন করা।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান বলেন, যার হাতে ক্ষমতা থাকে, তার হাতে আইন থাকে। দেখা গেছে, ক্ষমতাসীন দলের নেতাকে গ্রেপ্তার করা কঠিন হয়ে যায়। তাঁরা আইনের ঊর্ধ্বে থাকেন। আইনের শাসন নিশ্চিত করতে হলে দেশে সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে হবে। ‘ক্রসফায়ার’ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটায় না বলেও মন্তব্য করেন তিনি।