সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে সাংবাদিকেরা খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে এই গণ-অনশন ও সমাবেশ করা হয়।সমাবেশে সাংবাদিকেরা বলেন, সাগর-রুনির হত্যাকারী যে-ই হোক না কেন, তাদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এ পর্যন্ত যত সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে, তারও সুষ্ঠু বিচার করতে হবে। একটি বিশেষ মহল ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে পুলিশ প্রশাসনও খুনিদের ধরতে বিলম্ব করছে বলে দাবি করেন বক্তারা।সাংবাদিক নেতারা বলেন, দেশে অতীতেও সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। সরকার ও প্রশাসন সেগুলো আমলে না নেওয়ায় দেশে প্রতিনিয়ত সাংবাদিক হত্যার ঘটনা বেড়ে চলেছে।সিইউজের সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সাংবাদিক মোস্তাক আহমদ, এস্কান্দর আলী চৌধুরী, শামসুল হক হায়দরী, জাহিদুল করিম, আতাউল হাকিম, আলী আব্বাস, ওসমান গনি মনসুর, নাজিমুদ্দীন শ্যামল, চৌধুরী ফরিদ, হাসান ফেরদৌসসহ চট্টগ্রামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। বিকেল চারটায় সাংবাদিকদের অনশন ভঙ্গ করান প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক।