সাগর-রুনির ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা হচ্ছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, সরকার সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘এখন শুধু ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।’ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী র্যাব হত্যাকাণ্ডের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মিলেনিয়াম হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিজম (এমজেএফ) অয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতা ও মৌলবাদের প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সরকার অনেক দূর এগিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘হত্যাকারীদের ধরতে সরকার আন্তরিক।’ সরকার আইন অনুযায়ী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের পাশাপাশি সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলামিস্ট ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা আতাউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, কলামিস্ট ও সংগঠক কামরুদ্দীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুক প্রমুখ।