সাগর-রুনির মামলার অগ্রগতি নেই: টুকু

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির মামলার কোনো অগ্রগতি নেই। ডিএনএর পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই এ মামলায় অগ্রগতি হবে। সাগর-রুনির হত্যা উন্মোচনে সরকার আন্তরিক বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার সচিবালয়ের কনফারেন্স হলে এক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। এ সময় সাগর-রুনি হত্যা মামলা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি ওই মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে কি না—সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আইনি প্রক্রিয়ায় সবকিছু হবে। আদালত যদি তাঁকে জামিন দেন, তাহলে জামিন পাবেন। আর জামিন না দিলে এ ক্ষেত্রে আদালত যা বলবেন, তা আইনি প্রক্রিয়া মোতাবেক হবে।’
ঈদের পরে প্রধান বিরোধী দল বিএনপির কঠোর আন্দোলন সম্পর্কে জানতে চাইলে শামসুল হক বলেন, ‘পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।’ মহাসড়কে চাঁদাবাজির ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাচ্ছে না। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।