সাগর-রুনির মামলার আপাতত অগ্রগতি নেই: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার আপাতত কোনো অগ্রগতি নেই। ডিএনএর পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই এ মামলার অগ্রগতি হবে। এ ছাড়া তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। সাগর-রুনির হত্যা উন্মোচনে সরকার অত্যন্ত আন্তরিক বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার সচিবালয়ের সম্মেলনকক্ষে এক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সাগর-রুনি হত্যা মামলা সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি ওই মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে কি না—সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ায় সবকিছু হবে। আদালত যদি তাঁকে জামিন দেন, তাহলে জামিন পাবেন। আর জামিন না দিলে এ ক্ষেত্রে আদালত যা বলবেন, তা আইনি প্রক্রিয়া মোতাবেক হবে।