সাগর-রুনির হত্যা রহস্যের সুরাহা দু-এক মাসের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা রহস্যের সুরাহা আগামী দু-এক মাসের মধ্যে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘বিষয়টি বিচারাধীন, তদন্তের মধ্যে আছে। তবে শুধু এটুকু বলব, দু-এক মাসের মধ্যে সাগর-রুনি হত্যা মামলা নিয়ে সুসংবাদ পাবেন।’
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন পিআইবির চেয়ারম্যান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, সিইউজের সভাপতি এজাজ ইউসুফী প্রমুখ।
তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সংবাদপত্র কিংবা মিডিয়ার স্বাধীনতার জন্য আমাদের অনেক সাংবাদিক জীবন দিয়েছেন। এ জন্য আমরা গর্ব করি। কিন্তু আমরা আমাদের সহকর্মী হত্যার বিচার পাইনি। দেশে রাজনের খুনিদের বিচার হচ্ছে। সেভেন মার্ডার মামলার বিচার হচ্ছে। কিন্তু রাষ্ট্রের কাছে সাংবাদিক হুমায়ুন কবির বালু, মানিক সাহা হত্যার বিচার পাইনি।’
ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে যারা রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে ব্যবহার করে দেশ, জাতি ও গণতন্ত্রের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
মতবিনিময় সভায় গোলাম সারওয়ার বলেন, দেশকে অরাজক অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। স্বাধীনতার শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের ভ্যানগার্ডের মতো ভূমিকা রাখতে হবে। তাদের রুখতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান বলেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাবে আমরা বঙ্গবন্ধুর ছবি দেখি। কিন্তু জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু দূরের কথা, একসময় জাতীয় পতাকাই ওড়ানো হতো না। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর পালন করা হতো না। আমরা বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে গিয়ে জবরদস্তি করে জাতীয় পতাকা তুলতাম। শোক দিবসে কালো পতাকা তুলতাম।’