আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মূল আসামিদের আড়াল করতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বিভ্রান্তি ছড়াচ্ছেন। গতকাল মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মাহবুব উল আলম হানিফ এ অভিযোগ করেন। তিনি বলেন, বেগম জিয়া সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলছেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদা জিয়াকে প্রশ্ন করেন, ‘আপনার কাছে এই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে সাহায্য করছেন না কেন?’গত সোমবার লালমনিরহাটের জনসভায় খালেদা জিয়া বলেন, ‘সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে সরকারের লোকজন জড়িত। খুনি ধরা পড়েছে, সরকারের লোক হওয়ায় তাদের পার করে দেওয়া হয়েছে।’ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া সাংবাদিক-দরদি সেজেছেন। তাঁর শাসনামলে ১৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। নির্যাতন চালিয়ে বহু সাংবাদিককে পঙ্গু করে দেওয়া হয়েছে। ইটিভিকে নিষিদ্ধ করা হয়েছে। মাহবুব উল আলম বলেন, খালেদা যখন দুর্নীতি নিয়ে কথা বলেন, তা হয়ে যায় শতাব্দীর শ্রেষ্ঠ রসিকতা। প্রধানমন্ত্রী থাকাকালে যিনি জরিমানা দিয়ে কালোটাকা সাদা করেন, যাঁর ছেলেদের দুর্নীতি এফবিআই তদন্ত করে বের করে, তাঁর মুখে অন্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোভা পায় না।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন, আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।