সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন সাংবাদিক সংগঠনের নেতারা। হরতাল-অবরোধের নামে গণমাধ্যমকর্মী এবং গণমাধ্যম ভবনের ওপর হামলারও প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার এক প্রতিবাদ সমাবেশে এ দাবি ও প্রতিবাদ জানানো হয়। এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। সমাবেশে হরতাল-অবরোধের নামে ১৮-দলীয় জোটের সন্ত্রাস ও নৈরাজ্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানানো হয়। ডিইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বর্তমান মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।