
বঙ্গোপসাগর শান্ত হওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর হয়ে মিয়ানমারের পশু আমদানি বেড়েছে। যার প্রভাবে টেকনাফের হাটবাজারে পশুর দাম কমতে শুরু করেছে। এত দিন সাগর উত্তাল থাকায় মিয়ানমার থেকে পশু আমদানি কম ছিল।
গতকাল দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডরে গিয়ে দেখা যায়, পাঁচটি ইঞ্জিনচালিত নৌকায় করে মিয়ানমার থেকে ৬৪৩টি গরু ও মহিষ আনা হয়েছে। নৌকা থেকে বিশেষ ব্যবস্থায় পশুগুলো জেটিতে তোলা হচ্ছে।
করিডরের পশু ব্যবসায়ী মোহাম্মদ শহীদ বলেন, গতকাল কয়েকজন ব্যবসায়ী সাড়ে ছয় শর বেশি পশু আনেন। সাগর শান্ত থাকলে আগামী কয়েক দিনে আরও অন্তত ৪ হাজার পশু আনা হবে।
শাহপরীর দ্বীপ জেটির ইজারাদার ও পশু ব্যবসায়ী নুরুল হক বলেন, মিয়ানমার থেকে আনা দুই থেকে সাড়ে তিন মণ ওজনের প্রতিটি গরু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ হাজার টাকায়। যা কয়েক দিন আগে টেকনাফের বাজারে বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ হাজার টাকায়।
টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় পশুর হাটের ব্যবসায়ী আবদুল গফুর বলেন, তিন দিন ধরে এ হাটে গরু বিক্রি হয়েছে চড়া দামে। এখন মিয়ানমার থেকে পশু আসার খবরে পশুর দাম ১০-২০ হাজার টাকা করে কমে গেছে।
টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের পশুর হাটের ইজারাদারের কর্মী আহমদ হোসেন বলেন, গতকাল এ হাটে ৪ হাজারের মতো পশু আনা হয়। সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়েছে ৩৪৫টি। মিয়ানমারের পশু আসার খবরের প্রভাব স্থানীয় হাটবাজারে পড়েছে।
টেকনাফ শুল্ক বিভাগের কাস্টমস সুপার মো. আবদুল মান্নান বলেন, ‘মিয়ানমার থেকে পশু আনার জন্য আমরা ব্যবসায়ীদের উৎসাহিত করছি। এত দিন সাগর উত্তাল থাকায় মিয়ানমার থেকে তেমন পশু আনা যায়নি। গতকাল থেকে বিপুল পরিমাণে পশু আসা শুরু হয়েছে।’ তিনি বলেন, গতকাল ৬ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
টেকনাফ শুল্ক বিভাগ সূত্র জানায়, গত বুধবার শাহপরীর দ্বীপ করিডর দিয়ে পশু আমদানি হয়েছে ১৩৯টি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, করিডরে পশু ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। এখান থেকে পশু নেওয়ার সময় পথে যেন কোনো রকম চাঁদাবাজি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।