ঘূর্ণিঝড় মোরার প্রভাবে রোববার থেকে কক্সবাজার সমুদ্র উপকূল ছিল উত্তাল। ভ্রমণে আসা পর্যটকদের মঙ্গলবার (তিন দিন) পর্যন্ত সমুদ্রসৈকতে নামতে দেয়নি টুরিস্ট পুলিশ। গত বুধবার সকাল থেকে আবারও পর্যটকেরা নামছেন সৈকতে। তবে সাগর এখনো পুরোপুরি শান্ত হয়নি। ৩ নম্বর সর্তক সংকেত রয়েছে।
টুরিস্ট পুলিশের তথ্য মতে, দুর্যোগপূর্ণ এই পরিবেশেও গতকাল সৈকত ভ্রমণ করেন কয়েক শ পর্যটক।
টুরিস্ট পুলিশ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি বলেন, এখনো বিপদ কেটে যায়নি। তারপরও গতকাল সকাল থেকে কিছু পর্যটক সৈকতে নামতে শুরু করেছেন।
গত বুধবার দুপুরে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা গেছে, ৩০ জনের মতো পর্যটক সমুদ্রের পানিতে গোসল করছেন। তবে এখনো বালুচরে বসার ছাতা বসানো হয়নি।
কক্সবাজার হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র সাখাওয়াত হোসেন বলেন, এ সমিতির আওতায় তারকা মানের ১৬টি হোটেলে গত সোম ও মঙ্গলবার প্রায় ২০০ পর্যটক ছিল।