সাগর হত্যায় আক্কাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কিশোর সাগরকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি আক্কাস আলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শুক্রবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর রেলক্রসিং এলাকা থেকে আক্কাসকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
সোমবার ভোরে গৌরীপুর উপজেলার চার শ্রীরামপুর গ্রামে মোটর চুরির অভিযোগে আক্কাস সাগরকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এ ঘটনায় সাগরের বাবা শিপন মিয়া বাদী হয়ে ওই দিনই গৌরীপুর থানায় মামলা করেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার আক্কাস আলীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এ মামলায় রিয়াজ উদ্দিন ও ফজলুর রহমান নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।