সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন নতুন রূপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়তি কোচ নিয়ে খুলনা-রাজশাহী-খুলনা রেলপথে আন্তনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের নতুন যাত্রা শুরু হয়েছে। গতকাল বেলা তিনটায় খুলনা রেলওয়ে স্টেশনে ৯৬৬টি আসনবিশিষ্ট অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ ট্রেনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
এর আগে গতকাল সকালে মন্ত্রী ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে নবনির্মিত প্ল্যাটফর্ম এবং হাই লেভেল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।
২০০৭ সালে চালু করা আন্তনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ৬৩৫ জন যাত্রী ধারণের ক্ষমতা ছিল। উদ্বোধনকালে মন্ত্রী সারা দেশে রেলের বিভিন্ন চলমান প্রকল্পের বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে, যা আগামী নভেম্বর মাসেই উদ্বোধন করা হবে। শিগগিরই খুলনা থেকে যশোর পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণ করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক, খুলনা-২ আসনের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান প্রমুখ।