মধুসূদন বিশ্ববিদ্যালয়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪-২৯ জুন ১৮৭৩)। প্রতিকৃতি: মাসুক হেলাল
মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪-২৯ জুন ১৮৭৩)। প্রতিকৃতি: মাসুক হেলাল

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে তাঁর জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ ডিসেম্বর যশোরে আসছেন। তিনি যশোর শামস উল হুদা স্টেডিয়ামে জনসভা করবেন। ওই দিন তিনি যেন ওই বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন, স্মারকলিপিতে এই অনুরোধ জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলা সাহিত্যের খ্যাতিমান অনেক কবি-সাহিত্যিকের নামে তাঁদের স্মৃতিবিজড়িত স্থানে সরকার ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। কিন্তু মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে তাঁর জন্মভিটা সাগরদাঁড়িতে আজও কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়নি। দেরিতে হলেও মধুসূদনের নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করে বাঙালি জাতি হিসেবে কবির ঋণ শোধ করার সময় এসেছে। মধুসূদন বিশ্ববিদ্যালয় স্থাপন যশোরবাসীর প্রাণের দাবি। ইতিমধ্যে যশোর-২ আসনের সাংসদ মনিরুল ইসলাম জাতীয় সংসদে দাবিটি উত্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিকী প্রমুখ।