সাগরদাঁড়িতে শেষ হলো মধুমেলা
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। মেলার শেষ দিনে ‘মহাকবি মধুসূদন পদক-২০১০’ দেওয়া হয়। এ ছাড়া একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হয়। মধুমেলা শুরু হয় ২২ জানুয়ারি।মেলার মধুমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মহিবুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ইউনুছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।বক্তারা বলেন, মহাকবি মাইকেল মধুসূদন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর সাহিত্যভান্ডার বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আলোচনা সভা শেষে গুণীজনদের মধুসূদন পদক তুলে দেন বিভাগীয় কমিশনার ইউনুছুর রহমান। এ বছরের মধুসূদন পদক পাওয়া ব্যক্তিরা হলেন সমাজসেবা ও সাংবাদিকতায় প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার, কাব্যগ্রন্থ ভাঙ্গা দালানের স্বরলিপির জন্য নজরুল একাডেমীর উপপরিচালক রেজাউদ্দীন স্টালিন ও বাংলা সাহিত্য গবেষণায় অবদানের জন্য ময়মনসিংহ জেলা পরিষদের সচিব গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। রাতে যশোর উদীচী, বিবর্তন যশোর ও স্থানীয় দেবালয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।