সাগরনাল বাঁশমহাল কম দরে ইজারা পেতে গোপন সমঝোতা!
মৌলভীবাজারের জুড়ী-১ রেঞ্জের সাগরনাল বাঁশমহাল ইজারা দিতে বন বিভাগ কর্তৃপক্ষ পর পর চারবার দরপত্র আহ্বান করে। এর মধ্যে দুবার ব্যবসায়ীরা দরপত্র প্রক্রিয়ায় অংশ নেন। কিন্তু তাঁরা দর কম প্রস্তাব করেন, তাই মহালটি কাউকে ইজারা দেওয়া সম্ভব হয়নি। কম টাকায় বাঁশমহালটি পেতে ব্যবসায়ীরা গোপনে সমঝোতা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বন বিভাগ সূত্র জানায়, সাগরনাল বাঁশমহালের আয়তন তিন হাজার ২৭৯ একর। সেখানে খাঙ, মাকাল ও টেংরা মুলি জাতের বাঁশ আছে। সর্বশেষ ২০০৭ সালে এক বছরের জন্য ওই মহাল ইজারা দেওয়া হয়। তখন সেখানে বাঁশের সংখ্যা ছিল ৭৭ লাখ ৭০ হাজার ৯০০। নিয়ম অনুযায়ী, প্রজননের জন্য তিন বছর পর পর বাঁশমহাল ইজারা হয়। বিদায়ী অর্থবছরের (২০১২-১৩) গত মার্চ মাসে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বাঁশমহালটি ইজারা দিতে প্রথমবার দরপত্র আহ্বান করেন। দরপত্রের গেজেটে বাঁশের সংখ্যা ৫০ লাখ ৫১ হাজার উল্লেখ করা হয়। এ সময় উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী মামুনুর রশীদ সর্বোচ্চ চার কোটি ২৮ লাখ টাকা (প্রতিটি বাঁশের মূল্য আট টাকা ৪৭ পয়সা) দর প্রস্তাব করেন। এই দর কম হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে ইজারা দেয়নি। এপ্রিল মাসে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করা হয়। এ সময় শ্রীমঙ্গলের ব্যবসায়ী কদর আলী সর্বোচ্চ চার কোটি ৫১ লাখ টাকা (প্রতিটি বাঁশের মূল্য আট টাকা ৯২ পয়সা) দর হাঁকেন। এ দরও কম হওয়ায় মহালটি ইজারা দেওয়া হয়নি। পরে আরও দুবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু এতে কোনো ব্যবসায়ী অংশ নেননি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শফি উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘২০১১-১২ অর্থবছরে একই রেঞ্জের পুটিছড়া ও রাঘনা বাঁশমহাল ইজারা দেওয়া হয়। এসব মহালে প্রতিটি বাঁশের দাম ২০-২১ টাকা পাওয়া গেছে। অথচ সাগরনাল মহালের বাঁশ ব্যবসায়ীরা গোপনে সমঝোতা করে কম দরে কিনতে চাইছেন। এই দরে মহালটি ইজারা দিলে সরকার অনেক টাকা রাজস্ব হারাবে।’ শফি উদ্দিন জানান, বাঁশমহালটি ইজারা দিতে পঞ্চমবারের মতো দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী মাসে দরপত্র গ্রহণ করা হবে।
তবে প্রথমবার দরপত্রের প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা ব্যবসায়ী মামুনুর রশীদ দাবি করেন, সাগরনাল মহালে বাস্তবে ২০-২২ লাখের বেশি বাঁশ নেই। এ ছাড়া তিন বছর ইজারাপ্রক্রিয়া বন্ধ থাকায় সেখানকার অনেক বাঁশ চুরি হয়ে গেছে। সে কারণে বাঁশের সংখ্যা বিবেচনা করে দর হাঁকি।
দ্বিতীয়বারের সর্বোচ্চ দরদাতা কদর আলী মুঠোফোনে বলেন, ‘জামানতের টাকা উঠিয়ে এনেছি। যে দর দিয়েছিলাম এর থেকে বেশি দিলে ক্ষতি হতো।’
সিলেটের ডিএফও আবুল বাশার মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাঁশের সংখ্যা ঠিকই আছে। কোনোভাবেই কম দরে বাঁশমহালটি ইজারা দেওয়া হবে না।