সাগরপথে অবৈধ বিদেশযাত্রা ঠেকানোই চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, অবৈধভাবে সাগরপথে বিদেশযাত্রা ঠেকানোই প্রধান চ্যালেঞ্জ। এ লক্ষে্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সংস্থার সমন্বয়ে উদ্যোগ নেওয়া হবে।
গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া সংবর্ধনার জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিদেশে শ্রমবাজার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এতে রোধ হবে সাগরপথে অবৈধ উপায়ে বিদেশযাত্রা।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নতুন এই মন্ত্রীকে এ সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন সাংসদ আফসারুল আমিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার, নঈম উদ্দিন চৌধুরী ও আলতাফ হোসেন বাচ্চু এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।
চট্টগ্রামকে মানব পাচারের রুট হতে দেওয়া হবে না মন্তব্য করে নুরুল ইসলাম বলেন, অবৈধভাবে মালয়েশিয়ায় যাত্রা ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হবে।