ইউরোপে শরণার্থী সংকটের চার বছর পরও সাগরপথে মানব পাচারের ধারা অব্যাহত আছে। মানব পাচারের সুযোগ কাজে লাগিয়ে লিবিয়ার একটি পাচারকারী একটি চক্র এখন এশিয়ার দেশ থেকে সাগরপথে লোকজন পাঠাচ্ছে ইতালিসহ ইউরোপের নানান গন্তব্যে। এ বছরের প্রথম তিন মাসে সাগরপথে পাচার হওয়া লোকজনের শীর্ষে আছেন বাংলাদেশের নাগরিকেরা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান দিয়ে গতকাল শনিবার যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট এ খবর জানিয়েছে। পত্রিকাটি বলছে, এ বছরের প্রথম তিন মাসে লিবিয়া থেকে অন্তত ২ হাজার ৮৩১ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছেছে ইতালিতে। গত বছর সংখ্যাটি ছিল মাত্র একজন।
ইনডিপেনডেন্ট–এর খবর অনুযায়ী জাহাজে করে ইউরোপ, বিশেষ করে ইতালি পাড়ি দেওয়া লোকজনের মধ্যে বাংলাদেশের নাগরিক সবচেয়ে বেশি বলা হলেও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস আর ঢাকায় আইওএমের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অন্য চিত্র পাওয়া গেছে। তাঁদের মতে, বছর চারেক আগে শরণার্থী সংকটের শুরু এবং দুই বছর আগে সাগরপথে মানব পাচার শুরুর পর থেকেই প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক লোকজন ইতালিসহ ইউরোপের নানা গন্তব্যে যাচ্ছেন।
লিবিয়ায় বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স এম মোজাম্মেল হক গতকাল সন্ধ্যায় ত্রিপোলি থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, লিবিয়ায় প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন বাংলাদেশের নাগরিক আসছেন। তাঁরা ঢাকা থেকে দুবাই কিংবা জর্ডান কিংবা মিসর কিংবা তুরস্ক কিংবা তিউনিসিয়া হয়ে লিবিয়ায় পৌঁছান। এরপর তাঁদের একটি উল্লেখযোগ্য অংশ সাগরপথে পাড়ি জমান ইউরোপে, বিশেষ করে ইতালিতে। লিবিয়ার চলমান সংঘাতের কারণে অর্থনৈতিক বিপর্যয় অব্যাহত থাকায় শ্রমবাজারে ধস নেমেছে। ফলে বাংলাদেশের লোকজন লিবিয়া থেকে পাড়ি জমাচ্ছেন ইতালিতে।
ইতালিতে সাহায্য সংস্থাগুলো বাংলাদেশের লোকজনকে উদ্ধার করছে কি না জানতে চাইলে তিনি জানান, ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত এক বছরে বাংলাদেশের ৯ হাজার ৯১৫ জন নাগরিককে আইওএমকে উদ্ধারের বিষয়টি ইতালি সরকার বাংলাদেশকে জানিয়েছে।
আইওএমের ঢাকা দপ্তরের কর্মকর্তারা গতকাল এই প্রতিবেদককে জানান, চার বছর ধরে প্রায় একই হারে বাংলাদেশের লোকজনের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পাড়ি দেওয়া অব্যাহত আছে। মানব পাচারকারীদের একটি চক্র তাঁদের অনেককে শুরুতে ঢাকা থেকে কয়েক মাসের ভ্রমণ ভিসায় লিবিয়ায় নিয়ে যায়। সেখান থেকে সাগরপথে নিয়ে যায় ইতালিতে। মানব পাচারকারীরা বাংলাদেশের ভাগ্যবিড়ম্বিত এসব লোককে কোনো কোনো ক্ষেত্রে বিনা পয়সায় বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। এরপর কখনো কখনো এসব লোকের স্বজনদের কাছে মুক্তিপণ আদায় করে।
ইনডিপেনডেন্ট–এর খবরে বলা হয়েছে, ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া লোকজন ত্রাণকর্মীদের জানিয়েছেন, ঢাকা থেকে দুবাই কিংবা তুরস্ক হয়ে লিবিয়া পৌঁছানোর জন্য প্রত্যেকে দালালকে ১০ হাজারের বেশি ডলার দিয়েছেন। সহিংসতা ও বিশৃঙ্খলার সুযোগ কাজে লাগিয়ে পাচারকারীরা সক্রিয় রয়েছে। ইতালির সিসিলি ও আপুলিয়ার উপকূলে পৌঁছানো লোকজন জানান, লিবিয়া থেকে ইতালিতে কাজ দেওয়ার শর্তে তাঁরা দালালকে গড়ে তিন থেকে চার হাজার ডলার দিয়েছেন। এ প্রসঙ্গে আইওএমের এক মুখপাত্র বলছেন, বাংলাদেশ থেকে উড়োজাহাজে চড়ে দুবাই, তুরস্ক হয়ে লিবিয়ায় আসেন। বিমানবন্দরে নামার পর এসব লোকের নিয়োগকারীরা তাঁদের সব কাগজপত্র নিয়ে নেন। আইওএমের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সাগরপথে পাড়ি দিতে প্রত্যেকে সাত শ ডলার দেন দালালকে। সাগরপথে ইতালি যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক রুটে পরিণত হয়েছে উত্তর আফ্রিকার দেশটি। এ বছর সাগরে ডুবে, দম বন্ধ কিংবা জাহাজে গাদাগাদির কারণে শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় প্রায় ১ হাজার ১০০ লোক বেঘোরে প্রাণ দিয়েছে।