সাগরপথে তিন বছরে সোয়া লাখ মানব পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর—১১ মাসে বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডের উদ্দেশে পাড়ি দিয়েছে ৫৩ হাজার বাংলাদেশি। আর ২০১২ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় তিন বছরে সাগরপথে পাচার হওয়া মানুষের সংখ্যা এক লাখ ২০ হাজার।
চলতি ডিসেম্বর মাসে প্রকাশিত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানব পাচারবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, পাচার রোধে ন্যূনতম মানও রক্ষা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এবং জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, অবৈধভাবে বিদেশে যাওয়া অতীতের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। এ জন্য তাঁরা সরকারিভাবে জনশক্তি রপ্তানির ব্যর্থতাকে দায়ী করেছেন।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী-আয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশ এখন সপ্তম। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ সাল থেকে গত নভেম্বর পর্যন্ত ৯০ লাখ ৯৯ হাজার বাংলাদেশি কর্মী বৈধভাবে বিদেশে গেছেন। এ সময়ে প্রবাসী-আয় এসেছে আট লাখ ৭৯ হাজার ৬২০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে আজ ১৮ ডিসেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষে সরকার তিন দিনের কর্মসূচি নিয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ অভিবাসন, দিনবদলের লক্ষ্য অর্জন’।
প্রবাসী-আয় আশাব্যঞ্জক হলেও সাগরপথে ও অবৈধভাবে ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রাই এখন সবচেয়ে উদ্বেগের। সাগরপথে মানব পাচার হয় কক্সবাজারের টেকনাফ দিয়ে। আগে চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষ সাগরপথে বিদেশ গেলেও দালালদের খপ্পরে পড়ে এখন প্রায় সব জেলার মানুষই এই ফাঁদে পা দিচ্ছে। এভাবে বিদেশযাত্রায় এ পর্যন্ত হাজারের বেশি মানুষ মারা গেছে, নিখোঁজ হয়েছে অনেকে, নির্যাতিত অনেক মানুষ বিক্রি হয়েছে ক্রীতদাস হিসেবে। অবৈধভাবে বিদেশে যাওয়া বন্ধ করতে ২০১৩ সালে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন হয়েছে। ২০১২ সালে হয়েছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন। এসব আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু কঠোর আইন, জীবনের ঝুঁকি, অনিশ্চয়তা—কোনো কিছুই অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধ করতে পারছে না। বরং আরও বেড়েছে। এ ছাড়া বৈধভাবে দুবাইয়ে যাওয়া অনেক বাংলাদেশিকে পাচারকারীরা বেশি বেতনের লোভ দেখিয়ে ইরাক, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করছে। এ ছাড়া ইউরোপ ও আফ্রিকায়ও বাংলাদেশ থেকে মানব পাচার হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) চেয়ারপারসন অধ্যাপক তাসনীম সিদ্দিকী বলেন, ‘বৈধভাবে বিদেশে যাওয়ার পথ সংকুচিত হয়ে গেলে মানুষ অবৈধভাবে যাওয়ার ঝুঁকি নেয়। কারণ, এ দেশের অনেক মানুষই মনে করে, বিদেশে গেলেই ভাগ্য ফিরবে। আমার মনে হয়, বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগ বাড়াতে পারলে এ সমস্যা থাকবে না।’ তিনি বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর যে নীতি, সেটি সফল হচ্ছে না। কাজেই এটি নিয়ে এখন নতুন করে ভাবতে হবে।
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও বলেছেন, সাগরপথে বিদেশে যাওয়া একটি বড় সমস্যা। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনোভাবেই চাই না কেউ অবৈধভাবে বিদেশে যাক। এটি বন্ধ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তবে এটি একটি আন্তর্জাতিক সমস্যা। যাঁরা এভাবে যাচ্ছেন, তাঁদেরই সবার আগে সচেতন হতে হবে।’
পাচারের ভয়াবহ চিত্র: ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ মাসে ৫৩ হাজার লোক সাগরপথে পাড়ি জমিয়েছে। এর মধ্যে অন্তত ৫৪০ জন মারা গেছে। মালয়েশিয়া পৌঁছেই গ্রেপ্তার হয় ৩০০ জন। দালালেরা প্রথমে খুব অল্প টাকায় থাইল্যান্ড বা মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে লোকজনকে নৌকায় তোলে। পথেই তাঁদের জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হয়। দালালেরা এভাবে প্রতিবছর প্রায় ১০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নিচ্ছে।
সম্প্রতি বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা জোনাথন হেড থাইল্যান্ডের কয়েকটি এলাকা ঘুরে একটি প্রতিবেদন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে তিনি অনেক বাংলাদেশি পেয়েছেন, যাদের উন্নত চাকরির লোভ দেখিয়ে সাগরপথে আনা হয়েছে। এরা এখন ভয়াবহ নির্যাতনের শিকার। প্রতিবেদনে আবদুর রহিম নামের এক বাংলাদেশি বলেছেন, ‘সাগরপথে ভয়াবহ নির্যাতন করে তাঁকে এখানে এনে তিন সপ্তাহ ধরে জঙ্গলে রাখা হয়েছে। খাবার দেওয়া হয়নি। তাঁরা গাছের পাতা খেয়ে বেঁচে আছেন। থাই দালালেরা তাঁকে এমন মেরেছে যে এখন তাঁকে খুঁড়িয়ে হাঁটতে হয়।’
টাইম সাময়িকী ও যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের চিংড়ি ও সি ফুড শিল্পে কর্মরত সাড়ে ছয় লাখ শ্রমিকের মধ্যে তিন লাখই ক্রীতদাস হিসেবে কাজ করছেন। এঁদের বেশির ভাগই বাংলাদেশি। সাগরপথে এনে খুব অল্প দামে এঁদের বিক্রি করা হয়েছে।
৯ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও ইউএনএইচসিআর আয়োজিত ‘বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চল দিয়ে মানব পাচার ও চোরাচালান’ শীর্ষক সভায় সাগরপথে মানব পাচার নিয়ে উদ্বেগ জানিয়ে এ ব্যাপারে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। সভায় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও অংশ নেন।
জুনে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০১৪ সালের ট্রাফিকিং ইন পারসন (টিআইপি) প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে যেসব পুলিশ কিংবা সরকারি কর্মকর্তা কাজ করছেন, তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। প্রতিবেদনে আইন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং এ-সংক্রান্ত মামলা পরিচালনায় উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। অবশ্য বাংলাদেশে পাচার প্রতিরোধবিষয়ক সরকারি টাস্ক ফোর্সের প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দিন আহমেদ দাবি করেছেন, সরকার মানব পাচার রোধে খুবই আন্তরিক এবং এ জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানব পাচারপ্রবণ জেলার সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী—সবাইকেই বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি আবুল বাসার প্রথম আলোকে বলেন, ‘এই যে হাজার হাজার লোক অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছেন, তাতে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে, শ্রমবাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যার সমাধান করতে হলে বৈধভাবে বিদেশে যাওয়ার উপায় বাড়াতে হবে। সরকার ও জনশক্তি রপ্তানিকারকেরা মিলে কাজ করলেই এ সমস্যার সমাধান সম্ভব।’