সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ১৭
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে গত রোববার ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় জনতা। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া ও চান্ডলিপাড়া সৈকত এলাকা থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়। তবে এ ঘটনার পেছনে জড়িত দালাল চক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব না হলেও তাঁদের ব্যবহূত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাত ১১টার দিকে টেকনাফ সীমান্ত ফাঁড়ির (বিওপি) সুবেদার নুরুল আমিন, স্থানীয় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস শুক্কুর ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ইউনুছ সিকদারের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে ওই ১৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক। বাকি ১৫ জনের বাড়ি কক্সবাজার, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ায়। আটক ব্যক্তিরা হলেন: মিয়ানমারের বুছি দং টং বাজার এলাকার মো. শোয়েব ও সানাউল্লাহ, কক্সবাজারের ফর্দ্দনার ডেইলের আবদুস শুক্কুর, আবদুর রহমান ও মো. জসিমউদ্দিন, ঈদগড় এলাকার মো. আলতাস ও নুর রহিম, রামুর মো. আনোয়ার হোসেন ও মো. ফজল আহমদ, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের গোলাম আজম ও মীর আহমদ, হবিগঞ্জের কুমরী এলাকার মো. তাজুল ইসলাম ও মো. জসিম, কিশোরগঞ্জের কাদেরপুর এলাকার মো. ইসমাইল ও মঞ্জুর আলম, গাইবান্ধার সুন্দরগঞ্জের সোনারার এলাকার বাদশা মিয়া এবং বগুড়ার গাবতলী এলাকার মিনহাজুল।আটক ব্যক্তিরা অভিযোগ করে বলেন, টেকনাফের অলিয়াবাদের দালাল চক্রের সদস্য মো. সেলিম, চান্ডলিপাড়ার মো. জাফর, ধলু হোসেন, সৈয়দ হোসেন ও শরীফ হোসেনের মাধ্যমে তাঁরা মালয়েশিয়া যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। তাঁদের দেশের বিভিন্ন স্থান থেকে এনে জড়ো করা হয়। অভিযানে তাঁরা ধরা পড়লেও আরও ৩০-৪০ জন পালিয়ে গেছেন।তাঁরা আরও জানান, জনপ্রতি এক লাখ ২০ হাজার টাকায় তাঁদের মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল। এ জন্য তাঁরা দালালদের জনপ্রতি ২০-৩০ হাজার টাকা করে অগ্রিম দিয়েছেন। বাকি টাকা মালয়েশিয়া পৌঁছার পর দেওয়ার কথা ছিল।