সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৬
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দুটি ট্রলারসহ ২৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গতকাল বুধবার বিকেলে শাহপরীর দ্বীপ বিওপির (চৌকির) বিজিবির জওয়ানেরা অভিযান চালিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নাফ নদীর মোহনা বদর মোকাম এলাকা থেকে দুটি ট্রলারসহ ২৬ জনকে আটক করে। এ সময় ট্রলার দুটি থেকে প্রায় ৮০০ লিটার ডিজেল, ১০ জারিকেন খাবার পানি ও দুই বস্তা চাল জব্দ করা হয়। ট্রলার দুটির মালিক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা ফজর রহমান ও তাঁর ছেলে মো. হাসান। হাসানের বিরুদ্ধে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ প্রসঙ্গে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে মিয়ানমারের ১৪ জনসহ ২৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারকারী ‘দালাল চক্রের হোতা’ মো. ইছাহাককে (২৫) টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের সাব লেফটেন্যান্ট জি এম মাসুদ সিকদার প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় কোস্টগার্ড সদস্যরা অবস্থান নেন। এ সময় সেন্ট মার্টিন যাওয়ার চেষ্টাকালে জেটিঘাট এলাকা থেকে মালয়েশিয়ায় মানব পাচারকারী দলের হোতা উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের মো. ইছাহাককে (২৫) আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা মো. ইছাহাক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন সাগরপথে চলাচলের জন্য একটি ট্রলার কিনতে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়েছে। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে কোনো মামলা নেই।